অনুমোদনের অপেক্ষায় আইসোলেশন চেম্বার

১৯ মে, ২০২০ ১২:০৮  
চিকিৎসকদের বলা হচ্ছে করোনাযুদ্ধের প্রথম সারির সৈনিক। পিপিই ছাড়াই যেন তারা নিরাপদে চিকিৎসা সেবা দিতে পারেন এজন্য ভ্রাম্যমান একটি ‘সুরক্ষিত চেম্বার’ তৈরি করেছেন ফেসবুক গ্রুপ ‘টিম এসওএস’। বিশেষজ্ঞদের পরামর্শে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই আইসোলেশন চেম্বারের নকশা করেছে ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’ নামে স্থাপত্য প্রতিষ্ঠান। ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হাবিব জানিয়েছেন, গত রোববার ‘নির্ণায়ক আইসোলেশন চেম্বার ফর ডক্টরস’ এর স্যাম্পল বুথসহ নকশার বিস্তারিত স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয়া হয়েছে। অনুমতি পেলেই বুথটি সরকারি হাসপাতালের সামনে স্থাপন করা যাবে। এতে করে হাসাপাতালে রোগী দেখার সময় চিকিৎসকরা আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে না। ইতোমধ্যেই এনআরবি ব্যাংক, বিজিএমইএ এর মতো প্রতিষ্ঠান এটি কেনার জন্য প্রস্তাব দিয়েছে। তবে দাতাদের কাছে এটি দ্বিগুন দামে বিক্রি করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এটি ফ্রি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, বিশেষ এই বুথটিতে যান্ত্রিকভাবে নিচের দিক থেকে পরিশোধিত বায়ু প্রবেশ ও ওপর থেকে অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের একমুখী নির্গমনব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও যান্ত্রিকভাবে রোগী ও চিকিৎসকের মধ্যে কথোপকথনসুবিধা, লম্বা গ্লাভসের মধ্যে স্বাস্থ্যকর্মী তাঁর দুই হাত রেখে স্টেথোস্কোপ ব্যবহার করে রোগীর প্রাথমিক পরীক্ষা, লেজার থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা মাপার যন্ত্র রয়েছে। ভেতরে ডেস্কে ল্যাপটপ রেখে তার সঙ্গে ওয়াই–ফাই প্রযুক্তিতে বাইরে প্রিন্টার যুক্ত করে প্রেসকিপশন দেওয়ারও সুযোগ রাখা হয়েছে। চেম্বারে স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করতে আইপিএস ব্যবহার করা হয়েছে। দুই স্তরে ছাদ থাকায় স্বাভাবিক বায়ু চলাচলের মাধ্যমে নিচের মূল চেম্বারটিকে প্রকৃতি নির্ভতায় ঠান্ডা রাখার পাশাপাশি বৃষ্টি থেকেও সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। সবকিছু মিলিয়েই এই করোনাকালিন ডক্টর চেম্বারের সম্ভাব্য মূল্য ৯০ হাজার টাকার মতো ধরা হয়েছে। তবে এটি পেশাদার প্রকৌশলীর মাধ্যমে যে কেউ বানাতে পারেন। কেননা এটি বানানোর নকশায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই সঙ্গে এর পেটেন্ট সবার জন্য উন্মুক্ত।